জয়নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী কাজী আনিচুর রহমানের গণসংযোগ
নড়াগাতী (কালিয়া) প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে নড়াইলের কালিয়া উপজেলার ৭ নম্বর জয়নগর ইউনিয়নে নির্বাচনী তৎপরতা শুরু করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আনিচুর রহমান (নান্নু)। নির্বাচনী মাঠে নিজের অবস্থান শক্তিশালী করতে ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও মতবিনিময়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।
গতকাল ১৬ নভেম্বর (রোববার) ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন কাজী আনিচুর রহমান। এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন এবং এলাকার নানা সমস্যা, জনদুর্ভোগ ও উন্নয়ন সম্ভাবনার কথা শোনেন।
গণসংযোগের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও ক্রীড়া কর্মকাণ্ডেও অংশ নিচ্ছেন তিনি। এসব কার্যক্রমের মাধ্যমে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ানোর পাশাপাশি তাদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছেন।
স্থানীয়ভাবে তার এমন নিয়মিত উপস্থিতি ও নির্বাচনী তৎপরতা নিয়ে আলোচনা চলছে। আসন্ন নির্বাচনে জনগণের সমর্থন ও ভালোবাসা নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রত্যাশা ব্যক্ত করেছেন কাজী আনিচুর রহমান (নান্নু)।
তবে নির্বাচনী মাঠে শেষ পর্যন্ত ভোটারদের সমর্থন কার পক্ষে যাবে, তা নির্ধারিত হবে ভোটের দিন ব্যালটের মাধ্যমে।