নড়াইলে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নড়াইল সদর প্রতিনিধি | স্বপন কুমার দাস
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে নড়াইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার (২৬ নভেম্বর) বিকেলে নড়াইল পুরাতন বাস টার্মিনাল মুক্তমঞ্চে জেলা জামায়াতের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমির ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু। সমাবেশ সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সার।
এ সময় জেলা জামায়াতের নায়েবে আমির মাস্টার জাকির হোসেন বিশ্বাসসহ জেলা ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ দেশে আবারও সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। জনগণকে সঙ্গে নিয়ে তাদের ষড়যন্ত্র প্রতিহত করার ঘোষণা দেন তারা। একই সঙ্গে দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের কঠোর ভূমিকা দাবি করেন।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।