বিএনপি নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করে এবং স্বচ্ছতার সঙ্গে কাজ করে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাজধানীর শান্তিনগরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো নিষ্ঠার সঙ্গে বাস্তবায়ন করছে। ফ্যামিলি কার্ড ও ফার্মার্স কার্ড বিতরণের ফলে চলতি বছর দেশে দারিদ্র্যের হার আরও ৫ শতাংশ কমতে পারে বলে অর্থনীতিবিদদের বরাত দিয়ে উল্লেখ করেন তিনি।
শারদীয় দুর্গাপূজা প্রসঙ্গে রিজভী বলেন, এবারের দুর্গোৎসব শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। সরকারের সতর্কতা ও আন্তরিকতায় হিন্দু ধর্মাবলম্বীরা নিরাপদে পূজা উদযাপন করতে পেরেছেন। পার্শ্ববর্তী দেশ থেকেও অনেকে পূজায় অংশ নিয়ে নিরাপদ পরিবেশের প্রশংসা করেছেন বলে জানান তিনি।
এবারের দুর্গাপূজাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও একটি গুপ্ত রাজনৈতিক দল অপপ্রচারে জড়িত বলে অভিযোগ করেন রিজভী। তিনি বলেন, জনবান্ধব ও দায়িত্বশীল সরকার ষড়যন্ত্র মোকাবিলা করে জনকল্যাণে কাজ করতে পারে। শান্তিপূর্ণ দুর্গাপূজা তারই দৃষ্টান্ত।
ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি আবারও শুরু হয়েছে জানিয়ে রিজভী বলেন, ডেঙ্গু থেকে সুরক্ষিত থাকা ও আক্রান্ত হওয়ার ঝুঁকি কমাতে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
লিফলেট বিতরণ কর্মসূচিতে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ এমপি, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাইদুল হক বাবুল ও স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু উপস্থিত ছিলেন।