
মাজহারুল ইসলাম, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড়ের বোদা পৌরসভার ঝিনুকনগর এলাকায় দীর্ঘ ৬৮ বছর ধরে ভোগদখলে থাকা জমির মালিকানা নিয়ে বোদা সরকারি পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়েছে। এ ঘটনায় জমির মালিক দাবিদার ১০টি পরিবারের পক্ষ থেকে পঞ্চগড়ের আদালতে স্বত্ব, বণ্টন ও নকশা সংশোধনের মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের ব্যবহার করে মানববন্ধন করানো, মিথ্যা তথ্য প্রচার এবং পুলিশ দিয়ে হয়রানির অভিযোগ তুলেছেন ভুক্তভোগীরা।
শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে বিরোধপূর্ণ জমি এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মনজুরুল হক।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, ১৯৬১ সালে প্রয়াত আবু নুর মোহাম্মদ আব্দুল গফুরের পরিবার বোদা পৌরসভার ঝিনুকনগর এলাকায় ২৪৯ শতক জমি ক্রয় করে বসবাস শুরু করেন। সেই থেকে পরিবারের সদস্যরা জমিটি ভোগদখল করে আসছেন। বাড়ির পাশেই অবস্থিত বোদা সরকারি পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজ।
ভুক্তভোগীদের দাবি, ২০২৫ সালে বিদ্যালয় কর্তৃপক্ষের একটি নোটিশ পাওয়ার পর তারা জানতে পারেন, তাদের ক্রয়কৃত জমির ৩৫ শতক এসএ রেকর্ডের খতিয়ান ও নকশায় বিদ্যালয়ের নামে অন্তর্ভুক্ত হয়েছে। অথচ ওই জমির বিষয়ে বিদ্যালয়ের কোনো কবলা দলিল নেই বলে দাবি তাদের।
এ নিয়ে বিরোধ দেখা দিলে জমির মালিক দাবিদার পরিবারগুলো পঞ্চগড় জজ আদালতে স্বত্ব, বণ্টন ও নকশা সংশোধনের মামলা দায়ের করেন। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে। এ অবস্থায় বিদ্যালয় কর্তৃপক্ষ বিরোধপূর্ণ জমিতে নিষেধাজ্ঞার আবেদন করেছে বলে জানান ভুক্তভোগীরা।
তাদের অভিযোগ, আদালতের কোনো আদেশের কপি না পেয়েও বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. রুবেল নিষেধাজ্ঞা জারির তথ্য দিয়ে পুলিশকে ব্যবহার করে তাদের হয়রানি করেছেন। এ ছাড়া গত ৩ নভেম্বর বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের ব্যবহার করে বিরোধপূর্ণ জমির বিষয়ে মানববন্ধন করানো হয়। সেখানে মনগড়া ও বানোয়াট তথ্য উপস্থাপন করা হয়েছে বলেও দাবি করেন তারা।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা বলেন, জমির মালিকানা নিয়ে বিরোধ আদালতে বিচারাধীন। তাই আদালতের সিদ্ধান্তের আগে কোনো পক্ষেরই একতরফাভাবে হয়রানি বা বিভ্রান্তিকর প্রচার চালানো উচিত নয়।
তারা এ বিষয়ে হয়রানি বন্ধ, নিরপেক্ষ তদন্ত এবং আদালতের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।