বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু সস্ত্রীক নড়াইল সফরকালে সদর উপজেলার কলোড়া-গোয়ালবাড়ি এলাকার ভোঁদড় পল্লী পরিদর্শন করেছেন।
শুক্রবার (১৭ জুলাই) বিকেলে তিনি পল্লীটি ঘুরে দেখেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন নড়াইল জেলা পরিষদের প্রশাসক ও সদর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সায়াদাত কবীর রুবেলসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
পরে শামসুজ্জামান দুদু ও তাঁর সহধর্মিণী নড়াইল শহরের মাছিমদিয়ায় অবস্থিত বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের স্মৃতি সংগ্রহশালা পরিদর্শন করেন। সেখানে তাঁরা সংগ্রহশালার বিভিন্ন গ্যালারি ঘুরে দেখেন এবং শিল্পী এস এম সুলতানের জীবন, কর্ম ও সংরক্ষিত শিল্পকর্ম সম্পর্কে সংশ্লিষ্টদের কাছ থেকে তথ্য জানেন।
স্থানীয় নেতাকর্মীরা জানান, নড়াইলের ঐতিহ্য, সংস্কৃতি ও পর্যটন সম্ভাবনা সম্পর্কে ধারণা নিতে সফরের অংশ হিসেবে এই দুটি স্থান পরিদর্শন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান।