কালিয়ায় নলকূপ সংক্রান্ত সংবাদের প্রতিবাদ নিয়ে পাল্টা বক্তব্য
নড়াইল জেলা প্রতিনিধি
নড়াইলের কালিয়া উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের মেকানিক্যাল কর্মচারী মো. আল ইমরান (রাজু) সম্প্রতি একটি পত্রিকায় প্রকাশিত প্রতিবাদলিপিতে দাবি করেছেন যে, গত ১১ জুন ২০২৬ তারিখে ‘বিডি খবর’-এ প্রকাশিত “ঘুষ বকশিশ মিলছে না সরকারি নলকূপ” শীর্ষক সংবাদে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। তিনি আরও উল্লেখ করেন, তিনি কাউকে সরকারি নলকূপ দেওয়ার আশ্বাস দেননি এবং এ বিষয়ে কোনো অর্থ লেনদেনও হয়নি। একই সঙ্গে তিনি দাবি করেন, প্রকৃত তথ্য যাচাই ছাড়া বিভ্রান্তিকর প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
এ প্রতিবাদের পর সংশ্লিষ্ট সংবাদকর্মীদের পক্ষ থেকে পাল্টা বক্তব্য দেওয়া হয়েছে। তাদের দাবি, সংবাদটি ব্যক্তিগত বিদ্বেষ থেকে নয়; বরং খড়রিয়া গ্রামের বাসিন্দা মো. আব্দুল্লাহ বিশ্বাস কর্তৃক কালিয়া উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলীর কাছে দাখিল করা লিখিত অভিযোগের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছিল। তাদের ভাষ্য অনুযায়ী, অভিযোগপত্রসহ অর্থ লেনদেনেরও ডুকুমেন্ট সাংবাদিকদের কাছে সংরক্ষিত রয়েছে এবং সেই তথ্য-উপাত্ত বিবেচনা করেই দৈনিক জনতা, দৈনিক যশোর, বিডি খবর এবং ডিএমসি নিউজ ২৪ ডট কম-এ প্রতিবেদন প্রকাশিত হয়।
সংবাদকর্মীদের বক্তব্য, কোনো অভিযোগের বিষয়ে সংবাদ প্রকাশ করা মানেই অভিযোগটি প্রমাণিত বলে ঘোষণা করা নয়; বরং জনস্বার্থসংশ্লিষ্ট অভিযোগ সংশ্লিষ্ট পক্ষের বক্তব্যসহ তুলে ধরা সাংবাদিকতার স্বাভাবিক দায়িত্ব। তারা আরও বলেন, মো. আল ইমরান (রাজু) তাঁর প্রতিবাদ প্রকাশের পূর্ণ অধিকার রাখেন, তবে অভিযোগের ভিত্তিতে প্রকাশিত সংবাদকে সরাসরি ‘মিথ্যা’ আখ্যায়িত করার বিষয়ে তারা দ্বিমত পোষণ করছেন।
এ বিষয়ে চূড়ান্ত সত্য উদ্ঘাটনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিরপেক্ষ তদন্ত ও আনুষ্ঠানিক সিদ্ধান্তের প্রতি সকল পক্ষের দৃষ্টি রয়েছে। তদন্ত বা কর্তৃপক্ষের কোনো সিদ্ধান্ত পাওয়া গেলে তা পরবর্তী সময়ে প্রকাশ করা হবে।

Leave a Reply