নড়াইলের নড়াগাতীতে সার্কাসের নামে জুয়া ও অশ্লীলতা বন্ধের দাবিতে অভিযোগ
নড়াইল প্রতিনিধি:
নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী মসজিদ সংলগ্ন ঐতিহ্যবাহী কাচারিবাড়ীর মাঠে সার্কাসের আড়ালে, র্যাফেল ড্র জুয়া ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংরক্ষণে থাকা রানী রাশমনির জরাজীর্ণ প্রাসাদ যথেচ্ছা ব্যবহারসহ জনস্বার্থবিরোধী কার্যক্রম বন্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দা লস্কর ফিরোজ আহমেদ।
২৫ অক্টোবর (রবিবার) ডাকযোগে এ অভিযোগ তিনি পাঠান এবং অভিযোগের অনুলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে দেওয়া হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, আসন্ন এসএসসি ও মাদরাসা পরীক্ষার্থীদের নির্বিঘ্নে পড়াশোনা, কাচারী মাঠ সংলগ্ন জামে মসজিদে মুসল্লীদের নির্বিঘ্নে ইবাদতের স্বার্থে র্যাফেল ড্র, জুয়া ও আইনবিরোধী কার্যক্রম বন্ধ, মাঠ দখল, ঐতিহাসিক স্থাপনা ক্ষতিগ্রস্ত করা, এলাকাবাসীর স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করা এবং অনুমোদনবিহীন বাণিজ্যিক আয়োজনের বিরুদ্ধে দ্রুত আইনগত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন লস্কর ফিরোজ আহমেদ।
এ ছাড়া মাঠটি স্থানীয় শিশু-কিশোরদের খেলাধুলা ও শারীরিক-মানসিক বিকাশের গুরুত্বপূর্ণ স্থান। সেখানে উচ্চ শব্দ, মাইকিং, জনসমাগম ও রাতের কোলাহল মসজিদে নামাজ আদায়, শিক্ষার্থীদের পড়াশোনা এবং এলাকার স্বাভাবিক পরিবেশ ব্যাহত করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
অভিযোগকারী বৈধ বিনোদনের বিরোধিতা না করে প্রশাসনের প্রতি শিশুদের খেলার মাঠ, ধর্মীয় পরিবেশ, শিক্ষার্থীদের ভবিষ্যৎ ও জনস্বার্থ রক্ষায় দ্রুত সরেজমিন তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে কালিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিন্নাতুল ইসলাম বলেন, ওখানে শুধু সার্কাসের অনুমোদন দেওয়া হয়েছে। অশ্লীল নৃত্য বা জুয়ার কোন সুযোগ নেই এবং রানী রশমনির প্রাসাদকে আবাসিক হিসাবে ব্যবহার করতে পারবেনা। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে তিনি ব্যবস্থা নিবেন বলে জানান।