মাদক-সন্ত্রাসমুক্ত ভদ্রবিলা গড়তে চান জামায়াতের প্রার্থী রকিবুল ইসলাম
নড়াইল সদর প্রতিনিধি স্বপন কুমার দাস
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে নড়াইলের ১০ নম্বর ভদ্রবিলা ইউনিয়নে শুরু হয়েছে সম্ভাব্য প্রার্থীদের প্রচার-প্রচারণা। চেয়ারম্যান পদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মো. রকিবুল ইসলাম ইতোমধ্যে নির্বাচনী মাঠে গণসংযোগ ও প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
ধান ও পাটের ব্যবসার সঙ্গে যুক্ত রকিবুল ইসলাম স্থানীয় কৃষিজীবী গোলাম হায়দার মোল্যার সন্তান। তিনি আলিম পাস করেছেন। প্রার্থিতা ঘোষণার পর থেকেই দলমত-নির্বিশেষে সাধারণ মানুষের সমর্থন ও দোয়া চেয়ে ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ করছেন তিনি।
নির্বাচিত হলে ভদ্রবিলা ইউনিয়নকে মাদক ও সন্ত্রাসমুক্ত করে একটি আদর্শ মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন রকিবুল ইসলাম। তিনি বলেন, “আমি নির্বাচিত হলে দলমত-নির্বিশেষে সব মানুষের নাগরিক অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করব। মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন এবং ইউনিয়নের সার্বিক উন্নয়ন হবে আমার অগ্রাধিকার।”
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, রকিবুল ইসলাম এলাকায় সৎ, বিনয়ী ও জনবান্ধব ব্যক্তি হিসেবে পরিচিত। আসন্ন নির্বাচনে তিনি চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নের উন্নয়ন ও জনসেবামূলক কর্মকাণ্ডে ইতিবাচক পরিবর্তন আসবে বলে তাঁরা আশা করছেন।