শালিখা (মাগুরা) প্রতিনিধি:
‘করব সমবায়, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরার শালিখায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের আয়োজনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন শালিখা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম সাব্বির হাসান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহরীন সুলতানা, পল্লী উন্নয়ন কর্মকর্তা অঞ্জনা রানী ঘোষ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. আনিচুর রহমান মিল্টন, মাগুরা জেলা বিএনপির সদস্য মুন্সি মনিরুজ্জামান চকলেট, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মেসবাহ উদ্দিন এবং শালিখা উপজেলা ক্রেডিট ইউনিয়ন কো-অপারেটিভ সমবায় সমিতির প্রতিনিধি মো. বাহারুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সমবায় সংগঠনের প্রতিনিধিরা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. ইসমাইল হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শতখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আশরাফুল আলম।
আলোচনা সভায় বক্তারা বলেন, সমবায় একটি শক্তিশালী সামাজিক ও অর্থনৈতিক সংগঠন। সমবায়ের মাধ্যমে মানুষ সম্মিলিতভাবে আত্মনির্ভরশীলতা অর্জন, কর্মসংস্থান সৃষ্টি এবং আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। দেশের অর্থনৈতিক অগ্রগতি ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সমবায় আন্দোলনকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।