শীতের আগমনী বার্তা, রস সংগ্রহে ব্যস্ত গাছিরা
অভয়নগর (যশোর) প্রতিনিধি:
দরজায় কড়া নাড়ছে শীত। শীতের আগমনী বার্তার সঙ্গে সঙ্গে যশোরের অভয়নগরে শুরু হয়েছে খেজুরগাছ প্রস্তুতের কাজ। গাছের মাথা পরিষ্কার, ডালপালা ছাঁটা ও রস সংগ্রহের উপযোগী করতে ব্যস্ত সময় পার করছেন গাছিরা।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ বছর উপজেলায় প্রায় ৪২০ জন গাছি রস সংগ্রহের কাজে যুক্ত হয়েছেন। চলতি মাসের শেষ সপ্তাহ থেকে গুড় উৎপাদন শুরু হবে।
সিদ্ধিপাশা ইউনিয়নের সোনাতলা গ্রামের গাছি আনোয়ার গাজী ও সুন্দলী ইউনিয়নের হরিশপুর গ্রামের গাছি রতন কুমার জানান, তাঁরা আগেভাগেই গাছ প্রস্তুত করছেন। আশা করছেন, এ বছর রস, গুড় ও পাটালি বিক্রি করে ভালো লাভ হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোছা. লাভলী খাতুন বলেন, উপজেলায় রস আহরণের উপযোগী প্রায় ২৮ হাজার খেজুরগাছ রয়েছে। এসব গাছ থেকে প্রায় ৩১৬ মেট্রিক টন গুড় উৎপাদনের সম্ভাবনা রয়েছে। খেজুরের রস ও গুড়ের ঐতিহ্য ধরে রাখতে আরও বেশি খেজুরগাছ রোপণের পরামর্শ দেওয়া হচ্ছে।