মাজহারুল ইসলাম, জেলা প্রতিনিধি, পঞ্চগড়:
পঞ্চগড়ের বোদা উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর এক আরোহী গুরুতর আহত হয়েছেন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার চন্দনবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে একই মোটরসাইকেলে সাকোয়া থেকে বোদা মহাসড়ক দিয়ে যাওয়ার সময় চন্দনবাড়ী এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে মোটরসাইকেলটি সড়কের পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয়। অপর একজন গুরুতর আহত হন।
নিহতরা হলেন—সাকোয়া ইউনিয়নের ভোলাবসুনিয়া গ্রামের আতাউর রহমানের ছেলে সাদিক (১৬) এবং সাকোয়া ফুলবাড়ী গ্রামের মিজানুর রহমানের ছেলে রাহাত (১৮)।
দুর্ঘটনার পর আহত ব্যক্তিকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাঁকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান বলে জানা গেছে।
অল্প বয়সী দুই শিক্ষার্থীর মৃত্যুর খবরে তাঁদের পরিবারে শোকের মাতম চলছে। এ ঘটনায় বোদা হাসপাতাল চত্বরসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।