খুলনা নগরীর একই এলাকায় প্রায় ১২ ঘণ্টার ব্যবধানে গুলিতে এক নারী ও এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় লবণচরা থানার জিন্নাহপাড়া এলাকায় খুশি (২৪) নামে এক নারীকে গুলি করে হত্যা করা হয়। এর আগে ভোরে মিস্ত্রিপাড়া এলাকায় গুলিতে নিহত হন তুষার (২৭) নামে এক যুবক। দুই হত্যাকাণ্ডে নগরীতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয়দের ভাষ্য, সন্ধ্যায় জিন্নাহপাড়া ৭ নম্বর রোডের টাওয়ার গলির সামনে খুশিকে গুলি করে দুর্বৃত্তরা। এতে তার মাথায় গুলি লাগে। এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে বলেও অভিযোগ রয়েছে। পরে মোটরসাইকেলে করে পালিয়ে যায় হামলাকারীরা। গুরুতর আহত খুশিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত খুশি ওই এলাকার বাসিন্দা খোকনের মেয়ে এবং ব্লেড বাবুর স্ত্রী। তার একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। খুশির মা জানান, ঘটনার সময় তারা বাড়ির সামনে ছিলেন। তখন দুর্বৃত্তরা তার মেয়েকে গুলি করে পালিয়ে যায়।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশাররফ হোসেন বলেন, হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। পুলিশের প্রাথমিক ধারণা, মাদককে কেন্দ্র করে খুশিকে হত্যা করা হয়ে থাকতে পারে।
এর আগে বৃহস্পতিবার ভোর ৬টার দিকে নগরীর মিস্ত্রিপাড়া বাজারের পূর্ব পাশে আনসার উদ্দিন লেনে গুলিতে নিহত হন তুষার। পুলিশ জানায়, পূর্ব বানিয়াখামারের লোহার গেট এলাকার একটি মাদরাসার সামনে ধস্তাধস্তি ও ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এ সময় প্রতিপক্ষের গুলিতে বুকে গুলিবিদ্ধ হয়ে মোটরসাইকেলসহ রাস্তায় পড়ে যান তুষার। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল ও কিছু দূর থেকে গুলির দুটি খোসা উদ্ধার করেছে। খুলনা সদর থানার ওসি লোকমান হোসেন বলেন, প্রাথমিক তদন্তে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তুষার পলাশ গ্রুপের সদস্য ছিলেন এবং তার বিরুদ্ধে অস্ত্র ও চাঁদাবাজির দুটি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।