লালপুরে অনলাইন জুয়ার অভিযোগে আটক আসামি ও উদ্ধারকৃত মোবাইল ফোন।
নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে অনলাইন জুয়ার অ্যাপ ব্যবহার করে জুয়া খেলা ও বেটিং পরিচালনার অভিযোগে মোঃ আবু সাঈদ (২১) নামে এক যুবককে আটক করেছে লালপুর থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৮ অক্টোবর ২০২৬ তারিখ দিবাগত রাত ৩টা ৩০ মিনিটে লালপুর থানার এসআই (নিরস্ত্র) মোঃ কামরুজ্জামানের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স উপজেলার রামকৃষ্ণপুর (ভেল্লাবাড়ী) এলাকার একটি টিনশেড ভবনের পশ্চিম পাশের একটি ঘরে অভিযান পরিচালনা করেন। এ সময় ওই এলাকার বাসিন্দা মোঃ সাজদারের ছেলে মোঃ আবু সাঈদকে দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ আটক করা হয়।
পুলিশ জানায়, অনলাইন জুয়ার অ্যাপ ব্যবহার করে জুয়া খেলা ও বেটিং পরিচালনার কাজে মোবাইল ফোন দুটি ব্যবহারের অভিযোগ রয়েছে। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর ১৬, ১৭ ও ১৯ ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, আটক আসামিকে ১৮ অক্টোবর ২০২৬ তারিখে বিজ্ঞ আদালতে সোপর্দ করার কথা রয়েছে।