Oplus_131072
ঢাকার কেরানীগঞ্জে নিজ ফ্ল্যাট থেকে ডালিয়া আক্তার সুমা (৫০) নামে যুব মহিলা লীগের এক নেত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৩ অক্টোবর) সকালে কেরানীগঞ্জের বাস্তা ইউনিয়নের রসুলপুর বাজারে সোনালী ব্যাংক ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আজগর হোসেন।
নিহত ডালিয়া আক্তার সুমা কেরানীগঞ্জ মডেল থানার বাস্তা ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি এবং রসুলপুর এলাকার লিয়াকত শিকদারের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর দুই মেয়েকে নিয়ে ওই ফ্ল্যাটে থাকতেন সুমা। তিনি স্থানীয় চর বাঘাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষকতা করতেন। মেয়েদের বিয়ের পর থেকে ফ্ল্যাটে একাই বসবাস করছিলেন তিনি।
স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে শুক্রবার সকালে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আজগর হোসেন জানান, কে বা কারা তাকে হত্যা করেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।