কালিয়ায় দুই বিএনপি নেতা হত্যার প্রতিবাদে বড়দিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
নড়াইল জেলা প্রতিনিধি
নড়াইলের কালিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের নেতা শাহীন মোল্যা ও জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) নেতা সোহেল মোল্যা হত্যার প্রতিবাদে বড়দিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (২৫ নভেম্বর) বিকেল ৩টায় কালিয়ার বড়দিয়া চৌরাস্তায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বড়দিয়া আঞ্চলিক শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
বিক্ষোভ মিছিলটি বড়দিয়া চৌরাস্তা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠান সাবেক ছাত্রনেতা সবুজ খানের সঞ্চালনায় এবং নড়াগাতী থানা বিএনপির সভাপতি খান মতিউর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন নড়াগাতী থানা বিএনপির সহ-সভাপতি ও খাশিয়াল ইউনিয়ন বিএনপির সভাপতি মো:নওশের বিশ্বাস, সাধারণ সম্পাদক শেখ বুলবুল কবির, নড়াগাতী থানা যুবদলের সাধারণ সম্পাদক সাখায়েত হোসেন ঝুনু চৌধুরী, জয়নগর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল খা, খাশিয়াল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান এবং মাউলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আশরাফুল আলম ইয়ার আলীসহ স্থানীয় নেতারা।
এ সমাবেশে বক্তারা শাহীন ও সোহেল মোল্যা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, এ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তাঁরা গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে রাজনৈতিক সহিংসতা ও নৈরাজ্য বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান। সমাবেশে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।