কালিয়ায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
কালিয়া প্রতিনিধি
এডিস মশাবাহিত ডেঙ্গু রোগের বিস্তার রোধে নড়াইলের কালিয়ায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) কালিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়, এর সঙ্গে জনগণের সক্রিয় অংশগ্রহণও জরুরি। এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে বাড়ির আঙিনা, শিক্ষা ও ব্যবসাপ্রতিষ্ঠানসহ আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও পানি জমে থাকলে তা দ্রুত অপসারণ করতে হবে।
ভিডিও কনফারেন্স শেষে কালিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় পর্যায়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রম বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়।
কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিন্নাতুল ইসলাম বলেন, “ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে হবে। শুধু অভিযান চালিয়ে এডিস মশার বিস্তার ঠেকানো সম্ভব নয়। প্রত্যেক নাগরিককে নিজের বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখতে হবে এবং কোথাও পানি জমে থাকলে তা দ্রুত অপসারণ করতে হবে।”
কালিয়া পৌর প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত তদারকি এবং জনসচেতনতা বাড়াতে প্রচার-প্রচারণা চালানোর কথা জানানো হয়।
কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম ওয়াহিদুজ্জামান মিলু বলেন, “পরিচ্ছন্নতা শুধু কোনো নির্দিষ্ট সময়ের কর্মসূচি নয়; এটি আমাদের নিয়মিত অভ্যাসে পরিণত করতে হবে। প্রত্যেক পরিবার নিজ নিজ বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখলে এবং পানি জমতে না দিলে ডেঙ্গুর ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।”
এ ছাড়া নড়াগাতী থানা বিএনপির সাধারণ সম্পাদক ডা. বুলবুল কবির, কালিয়া পৌর বিএনপির সভাপতি শেখ সেলিম হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কালিয়া পৌর কমিটির আমির মাওলানা নওশের আলীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ডেঙ্গু প্রতিরোধে দল-মত নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
তারা বলেন, প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক নেতাকর্মী ও স্থানীয় জনগণকে পরিচ্ছন্নতা কার্যক্রমে সম্পৃক্ত করা গেলে ডেঙ্গু প্রতিরোধের এ উদ্যোগ আরও কার্যকর হবে।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply