নড়াইলে দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ, আরজেএফের প্রতিবাদ
নড়াইল প্রতিনিধি
নড়াইল সদর উপজেলার বিছালী ইউনিয়নে একটি অবৈধ কয়লার ভাটার সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হেনস্তা ও লাঞ্ছনার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার সকালে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী সাংবাদিকরা হলেন সময় টেলিভিশনের নড়াইল জেলা প্রতিনিধি সজিবুর রহমান সজীব এবং দৈনিক স্বাধীন দেশের জেলা প্রতিনিধি রাসেল হোসাইন।
সাংবাদিকদের অভিযোগ, বিছালী ইউনিয়ন জামায়াতে ইসলামীর ৭ নম্বর ওয়ার্ডের সভাপতি হাসিবুর মোল্যার পরিচালিত একটি কয়লা তৈরির কারখানায় দীর্ঘদিন ধরে অনুমোদন ছাড়াই কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করা হচ্ছে। এতে পরিবেশের ক্ষতি হচ্ছে—এমন অভিযোগের তথ্য সংগ্রহ ও সংবাদ করতে শনিবার সকালে ঘটনাস্থলে যান তারা।
সাংবাদিকরা সেখানে পৌঁছানোর পর সংশ্লিষ্ট ব্যক্তিরা তাদের সংবাদ প্রকাশ না করার জন্য প্রভাবিত করার চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনে অটল থাকলে স্থানীয় কয়েকজনকে জড়ো করে তাদের হেনস্তা ও লাঞ্ছিত করা হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।
এ ঘটনার পর সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি সজিবুর রহমান সজীবকে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে দিয়ে পরিকল্পিতভাবে হেয় করার চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। সাংবাদিক নেতারা ওই ভিডিওকে অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে এর নিন্দা জানিয়েছেন।
ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশনের (আরজেএফ) সিনিয়র যুগ্ম মহাসচিব ও নড়াইল জেলা কমিটির সভাপতি সাজ্জাদ আলম খান সজল।
তিনি বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের সময় হেনস্তা, ভয়ভীতি প্রদর্শন কিংবা অপপ্রচার চালানো স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
সাজ্জাদ আলম খান সজল আরও বলেন, প্রশাসন দ্রুত কথিত অবৈধ কয়লার ভাটার বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে।
এ ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। একই সঙ্গে অভিযোগের বিষয়ে প্রশাসনের তদন্ত ও প্রয়োজনীয় আইনগত পদক্ষেপের দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা।
Leave a Reply