দ্রুত ও নির্বিঘ্নে ভূমিসেবা, প্রশংসায় নড়াইল সদরের এসিল্যান্ড তাসফিকুর

দ্রুত ও নির্বিঘ্নে ভূমিসেবা, প্রশংসায় নড়াইল সদরের এসিল্যান্ড তাসফিকুর

দ্রুত ও নির্বিঘ্নে ভূমিসেবা, প্রশংসায় নড়াইল সদরের এসিল্যান্ড তাসফিকুর

নড়াইল প্রতিনিধি

নড়াইল সদর উপজেলা ভূমি অফিসে দ্রুত, স্বচ্ছ ও জনবান্ধব ভূমিসেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন সহকারী কমিশনার (ভূমি) কে এইচ তাসফিকুর রহমান। দায়িত্ব গ্রহণের পর থেকে নামজারি, রেকর্ড সংশোধন, ভূমি উন্নয়ন কর, মিসকেস নিষ্পত্তিসহ বিভিন্ন সেবা দ্রুত দেওয়ার কারণে সেবাগ্রহীতাদের মধ্যে সন্তোষ দেখা দিয়েছে।

গত ২২ ডিসেম্বর ২০২৫ দায়িত্ব গ্রহণ করেন কে এইচ তাসফিকুর রহমান। এরপর থেকে ভূমি অফিসের নিয়মিত কার্যক্রমে শৃঙ্খলা ও সেবার মান বাড়াতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ভূমি অফিসে সেবা নিতে আসা কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, নামজারি ও রেকর্ড সংশোধনের মতো গুরুত্বপূর্ণ সেবা পেতে আগের তুলনায় সময় ও ভোগান্তি কমেছে। প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করার পর দ্রুত শুনানি ও নিষ্পত্তির উদ্যোগ নেওয়ায় সেবাপ্রত্যাশীদের অনেকেই সন্তোষ প্রকাশ করেছেন।
নড়াইল পৌরসভার কুড়িগ্রাম এলাকার সেবাগ্রহীতা সজল মাহমুদ বলেন, “জমির নামজারির জন্য আবেদন করার অল্প সময়ের মধ্যেই কোনো ধরনের হয়রানি বা অতিরিক্ত ভোগান্তি ছাড়াই আমার নামজারি সম্পন্ন হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্রও হাতে পেয়েছি।”
শেখহাটী ইউনিয়নের দেবভোগ গ্রামের বীনা মৈত্র বলেন, “জমির রেকর্ড সংশোধনের জন্য ভূমি অফিসে আবেদন করেছিলাম। আবেদন করার পর অল্প সময়ের মধ্যেই কোনো ধরনের হয়রানি ছাড়াই কাজটি সম্পন্ন হয়েছে। দ্রুত ও আন্তরিকভাবে সেবা পাওয়ায় আমি সন্তুষ্ট।”
এদিকে নড়াইল সদর উপজেলা ভূমি অফিসে কর্মরত নামজারি সহকারী মো. শামস ইয়াসরীব (লাবিদ)-এরও প্রশংসা করেছেন সেবা নিতে আসা কয়েকজন নাগরিক। তাদের ভাষ্য, নামজারি-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় তথ্য ও সহযোগিতা দিয়ে সেবাগ্রহীতাদের সহায়তা করছেন তিনি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এ পর্যন্ত ‘খ’ তফসিলভুক্ত ২ দশমিক ১৭ একর জমির নামজারি করা হয়েছে। এছাড়া দায়িত্ব গ্রহণের পর সহকারী কমিশনার (ভূমি) কে এইচ তাসফিকুর রহমান ৪০০টির বেশি মিসকেস নিষ্পত্তি করেছেন।
ভূমি অফিসের সেবার বিষয়ে জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি) কে এইচ তাসফিকুর রহমান বলেন, “সরকারি নির্দেশনা অনুযায়ী স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনবান্ধব সেবা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। জনগণ যেন দ্রুত ও নির্বিঘ্নে ভূমিসেবা পান, সে লক্ষ্যে আমরা সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছি।”
তিনি আরও বলেন, সেবাগ্রহীতাদের হয়রানি কমানো এবং নির্ধারিত সময়ের মধ্যে সেবা দেওয়ার বিষয়ে ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীল ভূমিকা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
স্থানীয় সেবাগ্রহীতাদের প্রত্যাশা, বর্তমানের মতো দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে ভূমিসেবা প্রদানের কার্যক্রম অব্যাহত থাকলে সরকারি ভূমি অফিসের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও বাড়বে।

Leave a Reply

Your email address will not be published.