বিশেষ প্রতিনিধি
নড়াইলের নড়াগাতী থানার কলাবাড়ীয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের তালুকদার পাড়ার বাসিন্দা নিয়ামত মোল্যাকে (৩০) ২০২৩ সালের রাজনৈতিক সহিংসতার মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
তবে তাঁকে আওয়ামী লীগের সদস্য পরিচয়ে মামলায় জড়ানোর অভিযোগ তুলে গ্রেপ্তারের ঘটনায় ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন স্বজন ও স্থানীয়রা। রাজনৈতিক পরিচয় সম্পর্কে মিথ্যা তথ্যের ভিত্তিতে তাঁকে মামলায় জড়ানো হয়েছে। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত করে তাঁকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানিয়েছেন স্বজন ও স্থানীয়রা।
গত ১০ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরিবারের দাবি, নিয়ামত মোল্যা কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন। তিনি কখনো আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না বরং ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য। সে ইউনিয়নের তালুকদার পাড়ার মৃত আব্দুল গফ্ফার মোল্যার ছেলে।
নিয়ামত মোল্যার চাচাতো ভাই ও নড়াগাতী থানা বিএনপির সদস্য আরশাদ হোসেন অপু বলেন, নিয়ামত এলাকার সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে যুক্ত এবং একজন কৃষক। বিগত ১৭ বছর অনেকেই নিজেকে বিপদমুক্ত রাখতে অনকেই আওয়ামিলীগ নেতাদের সাথে ছবিতে থাকতে পারেন। তাতেই সে ওই দলের লোক হয়ে যায় না। তাঁকে মিথ্যা তথ্য দিয়ে ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য হিসেবে পরিচয় করিয়ে পুলিশকে বিভ্রান্ত করা হয়েছে। অথচ সে কখনো আওয়ামী লীগ করেননি।
তিনি আরও জানান, ২০২৪ সালের ৭ অক্টোবর কলাবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শরীফ আঃ কাইয়ুম স্বাক্ষরিত একটি পরিপত্রে নিয়ামত মোল্যার নাম ৪ নম্বর ওয়ার্ড বিএনপির ২৩ নম্বর সদস্য হিসেবে উল্লেখ রয়েছে।
এ বিষয়ে কলাবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শরীফ আঃ কায়ুম নিয়ামতের বিএনপি সদস্য পদ নিশ্চিত করে বলেন, ভুল তথ্যের ভিত্তিতে তাকে আটক করা দুঃখজনক। এ বিষয়ে তিনি ও তার সাধারণ সম্পাদক থানা প্রশানের সাথে কথা বলবেন বলে জানান।