নড়াইলের কালিয়া উপজেলার তেলিডাঙ্গা গ্রামের যুবক ওমেদ খাকী মাওয়ায় ইলিশ খেয়ে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন। এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্য, স্বজন ও এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ১৭ জুলাই ( শুক্রবার) বিকালে
কয়েকজন তরুণ মোটরসাইকেলে করে পদ্মার ইলিশ খেতে মাওয়া ঘাটে যান। সেখান থেকে ফেরার পথে মোকসেদপুর এলাকায় অনুমান রাত ৭ টায় একটি সড়ক দুর্ঘটনায় ওমেদ খাকী ঘটনাস্থলেই নিহত হন।
এ ঘটনার পর স্থানীয়দের মধ্যে মোটরসাইকেল চালনায় সচেতনতা নিয়ে আলোচনা শুরু হয়েছে। তাঁদের মতে, দীর্ঘপথে মোটরসাইকেল চালানো এমনিতেই ঝুঁকিপূর্ণ। বিশেষ করে নতুন চালকদের জন্য ব্যস্ত মহাসড়কে যাত্রা আরও বেশি বিপজ্জনক। অভিজ্ঞ চালকদের পরামর্শ ও নিরাপত্তা নিশ্চিত না করে এ ধরনের ভ্রমণে বের হওয়া বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে।
সচেতন মহল বলছেন, মোটরসাইকেল চালানোর আগে পর্যাপ্ত প্রশিক্ষণ, সড়ক সম্পর্কে অভিজ্ঞতা, বৈধ ড্রাইভিং লাইসেন্স, হেলমেটসহ প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার এবং ট্রাফিক আইন মেনে চলা অত্যন্ত জরুরি। পাশাপাশি বন্ধুদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত, যাতে অনভিজ্ঞ চালককে ঝুঁকিপূর্ণ মহাসড়কে একা বা দীর্ঘপথে চালাতে উৎসাহিত না করা হয়।
ওমেদ খাকীর অকাল মৃত্যুতে এলাকায় শোকের আবহ বিরাজ করছে। স্থানীয়রা এমন মর্মান্তিক দুর্ঘটনা এড়াতে তরুণদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন।

Leave a Reply