নড়াইলের তুলারামপুরে কমিউনিটি পুলিশিং সভা

নড়াইলের তুলারামপুরে কমিউনিটি পুলিশিং সভা

নড়াইল প্রতিনিধি: নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নে চুরি-ডাকাতি, মাদক, সন্ত্রাস, নারী নির্যাতন, বাল্যবিবাহ ও অনলাইন জুয়াসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে তুলারামপুর ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে করণীয় নিয়ে আলোচনা করা হয়।
নড়াইল জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তুলারামপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী শিহাবুর রহমান শিহাবের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন নড়াইলের পুলিশ সুপার আল মামুন সিকদার।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর সার্কেলের কর্মকর্তা মুস্তাফিজুর রহমান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জজ।
এ ছাড়া তুলারামপুর ইউনিয়ন বিএনপি ও কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ইউসুফ আলী মোল্যা, স্থানীয় জনপ্রতিনিধি হাফিজুর রহমানসহ বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তি, সাধারণ মানুষ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার আল মামুন সিকদার বলেন, মাদকের ভয়াবহতা সারাদেশে মহামারি আকার ধারণ করেছে। বিশেষ করে ইয়াবা মিয়ানমার থেকে এসে দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে।
তিনি বলেন, মাদক নির্মূলে মোবাইল কোর্টসহ নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক কারবারিদের গ্রেপ্তার করা হলেও আইনের দুর্বলতার কারণে অনেকেই দ্রুত জামিনে বেরিয়ে আসে।
পুলিশ সুপার মাদক, সন্ত্রাসসহ সব ধরনের সামাজিক অপরাধ নির্মূলে পুলিশকে সহযোগিতা করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান। পাশাপাশি অপরাধ প্রতিরোধে পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

Leave a Reply

Your email address will not be published.