কবিতা :- সিজদার অন্তরালে

কবিতা :- সিজদার অন্তরালে

কবি:-
– মোঃ রুহুল আমিন

নামাজ কি তোর মুছল তিমির,
চিত্ত পাপের দূরে?
ডুববি কবে আত্মভোলা
প্রভুর প্রেমের সুরে?

হারাম রুজির পাহাড় গড়ে
চলছে আয়েশ তোর,
সেই হাতেই তুই চাস নেয়ামত
আসলে নতুন ভোর!

অন্যায় মাঝে ডুবল জীবন
পাপের কালি মেখে,
একটুখানি ভাবলি না তো
মরণ দিনে দেখে!

রোজ নিয়মে নামাজ পড়িস
চলিস সময় মেপে,
মুখের কথায় মিথ্যে বলিস
পাপের খাতা চেপে!

ভেতর যদি শুদ্ধ না হয়
কী লাভ সিজদা করে,
প্রভুর হুকুম ফাঁকি দিয়ে
মনটা কি আর ভরে?

রোজ হাশরে ধরবেন খোদা
কপটতারই ছলে,
কী লাভ হবে সিজদা দিয়ে
মন না যদি গলে?

বাহিরটাতে মোমিন সেজে
ভেতর রাখিস কালো,
এমন ধোঁকার নামাজে কি
আসবে ঘরের আলো?

Leave a Reply

Your email address will not be published.