নড়াগাতী থানা বিএনপির সভাপতিকে কারণ দর্শানোর নোটিশ
বিশেষ প্রতিনিধি, নড়াইল
নড়াইলের নড়াগাতী থানা বিএনপির সভাপতি খান মতিয়ার রহমানকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক চিঠিতে তাকে এ নোটিশ দেওয়া হয়।
চিঠিতে বলা হয়েছে, খান মতিয়ার রহমানের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী বিএনপির গঠনতন্ত্রের ৫(গ) ধারা অনুসারে, তাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে কেন বহিষ্কার করা হবে না—তার যুক্তিসঙ্গত কারণ জানতে চাওয়া হয়েছে।
নোটিশে আগামী সাত দিনের মধ্যে জেলা বিএনপির সভাপতির কাছে লিখিত জবাব দেওয়ার জন্য তাকে নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে জবাব না দিলে দলীয় বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হতে পারে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।
এদিকে, এ নোটিশের বিষয়টি জানাজানি হলে নড়াগাতী থানা বিএনপির স্থানীয় নেতাকর্মীদের মধ্যে আলোচনা ও নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
তবে নোটিশের বিষয়ে খান মতিয়ার রহমানের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
নড়াগাতী থানা বিএনপির সভাপতিকে কারণ দর্শানোর নোটিশ

Leave a Reply