নড়াইল প্রতিনিধি:
নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের দেওয়াডাঙ্গা গ্রামে রাসেল শেখ ওরফে হাসুম (৩৯) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
এ ঘটনায় স্থানীয়দের হাতে আটক এক ব্যক্তিকে উদ্ধারে গেলে বিক্ষুব্ধ জনতার হামলায় এক পুলিশ সদস্য আহত হয়েছেন।
রোববার (২৬ জুলাই) সকালে বাড়িতে অচেতন অবস্থায় রাসেল শেখকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। তিনি দেওয়াডাঙ্গা গ্রামের আকবর শেখের ছেলে।
পরিবারের সদস্যদের ভাষ্য, শনিবার গভীর রাতে মোবাইল ফোনে ডেকে নেওয়ার পর প্রায় দেড় ঘণ্টা বাড়ির বাইরে ছিলেন রাসেল। পরে তিনি বাড়ি ফিরে ঘুমিয়ে পড়েন। সকালে পরিবারের সদস্যরা তাঁকে ডাকাডাকি করে সাড়া না পেয়ে চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়।
এ ঘটনার পর মৃত্যুর জন্য দায়ী সন্দেহে স্থানীয়রা মিলন শেখ নামে এক ব্যক্তিকে আটক করে মারধর করেন। খবর পেয়ে কালিয়া থানা–পুলিশ তাঁকে উদ্ধার করতে গেলে উত্তেজিত জনতা পুলিশের ওপর হামলা চালায়। পরে পুলিশ মিলন শেখকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। হামলায় উপপরিদর্শক (এসআই) সম্রাট আহত হন। তিনিও প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।।ওসি আরও বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ বিভিন্ন দিক বিবেচনায় নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে।

Leave a Reply