নিজস্ব প্রতিবেদক
সাংবাদিকতা শুধু সংবাদ সংগ্রহের কাজ নয়; এটি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে গণতন্ত্র, জবাবদিহিতা ও জনস্বার্থ রক্ষার একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব বলে মন্তব্য করেছেন দৈনিক ঐশী বাংলার বার্তা প্রধান মো. মিজান হাওলাদার।
সম্প্রতি নতুন ও আগ্রহী সাংবাদিকদের উদ্দেশে দেওয়া এক পরামর্শমূলক বক্তব্যে তিনি বলেন, একজন দক্ষ সাংবাদিক হতে হলে শুধু দ্রুত সংবাদ প্রকাশ করলেই হয় না। তথ্য যাচাই, নিরপেক্ষতা, ভাষার শুদ্ধ ব্যবহার, আইনি সচেতনতা, নৈতিকতা এবং পেশাগত দায়িত্ববোধ—সব ক্ষেত্রেই সমান দক্ষতা অর্জন করতে হয়।
তিনি বলেন, “প্রথমে নিজেকে গড়ে তুলুন, তারপর সংবাদ পরিবেশন করুন। একজন সাংবাদিকের সবচেয়ে বড় পরিচয় তার সততা, বিশ্বাসযোগ্যতা ও পেশাদারিত্ব।”
মো. মিজান হাওলাদার আরও বলেন, সত্যের পক্ষে থেকে মানুষের কল্যাণে কাজ করাই সাংবাদিকতার মূল লক্ষ্য। সাংবাদিকরা সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করলে গণমাধ্যমের মর্যাদা আরও সুদৃঢ় হবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি নতুন প্রজন্মের সাংবাদিকদের সত্য ও জনস্বার্থের পক্ষে থেকে দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার আহ্বান জানান।

Leave a Reply