কালিয়ায় ৮ দলীয় মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন লবণের খেয়াঘাট একাদশ
নড়াইল প্রতিনিধি:
নড়াইলের কালিয়া পৌর এলাকার পূর্ব কালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শুক্রবার (৩১ জুলাই) নবীন সংঘের উদ্যোগে দিনব্যাপী ৮ দলীয় মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
সকাল ৯টায় টুর্নামেন্টের উদ্বোধন করেন কালিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এস এম রাকিবুজ্জামান পাপ্পু।
প্রতিযোগিতার ফাইনালে ভাউড়ির চর ফুটবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে লবণের খেয়াঘাট ফুটবল একাদশ। রানারআপ হয় ভাউড়ির চর ফুটবল একাদশ। চ্যাম্পিয়ন দলের আকাশ খান ফাইনালের সেরা খেলোয়াড় (ম্যান অব দ্য ম্যাচ) নির্বাচিত হন।
টুর্নামেন্টে অংশ নেয় কাঞ্চনপুর ফুটবল একাদশ, সীতারামপুর ফুটবল একাদশ, বেন্দার চর ফুটবল টিম, রামনগর ফুটবল একাদশ, কালিয়া স্পোর্টস আয়ারল্যান্ড, বড়কালিয়া সুইচগেট ফুটবল একাদশ, ভাউড়ির চর ফুটবল একাদশ এবং লবণের খেয়াঘাট ফুটবল একাদশ।
খেলা শেষে প্রধান অতিথি এস এম রাকিবুজ্জামান পাপ্পু বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন কালিয়া শ্রমিক দলের নেতা হিমায়েত হোসেন হিমু, স্বেচ্ছাসেবক দলের নেতা রবিউল ইসলাম রবি, যুবদল নেতা ফরাদ বিশ্বাস এবং বিএনপি নেতা জুয়েল মোল্লা, সোহেল শেখ, শাহিদ বিশ্বাস, শরিফুল ফকির ও মাসুদ রানা।
টুর্নামেন্ট পরিচালনার দায়িত্বে ছিলেন মুন্না শেখ, আকাশ ভৌমিক, সম্রাট শেখ, রুমান মোল্লা, রোহান মোল্লা ও শিপন শেখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি এস এম রাকিবুজ্জামান পাপ্পু বলেন, “মাদককে নিরুৎসাহিত করতে এবং আগামী দিনের যুবসমাজকে সুস্থ ও সুন্দরভাবে গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই। আসুন, আমরা সবাই মাদককে ‘না’ বলি এবং খেলাধুলার মাধ্যমে একটি সুস্থ সমাজ গড়ে তুলি।”

Leave a Reply