কবিতাঃ নিস্তব্ধতার বিষণ্ণ প্রহর

কবিতাঃ নিস্তব্ধতার বিষণ্ণ প্রহর
কবিঃ

‎রফিকুল ইসলাম

‎অঘ্রাণের মাঠে ধান কাটা শেষ হয়ে গেছে কবে,

‎পড়ে আছে নাড়ার আগুনে পোড়া এক বিষণ্ণ বিকেল।

‎কুয়াশার ভেতর দিয়ে হেঁটে যায় হিম, একা,

‎শূন্য খেতে শিশির জমে, কারো অপেক্ষায় নয়,

‎শুধু নিজের ভারে।

‎দূরে হিজলের ডালে পেঁচা ডাকে না আর,

‎নদী ভুলে গেছে তার পুরোনো ঘাটের নাম,

‎আঁকা-বাঁকা মেঠো পথ ফিরে গেছে বহু দূর

‎নিসর্গ মাঠের প্রান্ত ছুঁয়ে।

‎আকাশে কোনো মেঘ নেই, তবুও

‎বাতাসে বর্ষার গন্ধ লেগে আছে

‎যেমন ফেলে আসা জলের বিরহ লেগে থাকে বিলের বুকে,

‎এক ফালি চাঁদের আশায় ।

Leave a Reply

Your email address will not be published.