কবিতা :ভাগের যন্ত্রণা

কবিতা :ভাগের যন্ত্রণা

কবি
মোঃ রুহুল আমিন

সোনার খাঁচা শূন্য হলো
ভেঙে সুখের মন,
নিঝুম রাতে একলা কাঁদে
কষ্টে সারাক্ষণ।

আদর যাদের দিয়েছিলেন
তারাই দিল চোট,
স্বার্থপর এই নতুন যুগে
সবই টাকার জোট।

অতীত দিনের মধুর স্মৃতি
আজকে শুধুই বোঝা,
সব হারিয়ে এখন তারা
খুঁজছে মরণ সোজা।

পাশাপাশি দুই কামরায়
বসে আছেন তারা,
দেয়াল তুলে পর করেছে
আপন রক্ত যারা।

বুকের মাঝে ভাঙন ব্যথা
চোখের কোণে জল,
আপন মানুষ পর হয়েছে
ভাঙলো মনের বল।

বুকের ভেতর জমছে পাহাড়
চোখে জলের ধারা,
রক্তের বাঁধন ছিঁড়ে আজকে
ঠিকানাহীন তারা।

শেষ বয়সে দীর্ঘশ্বাসে
ঝরছে চোখের জল,
মিথ্যে হলো স্নেহের সাগর
সংসার কেবল ছল।

Leave a Reply

Your email address will not be published.