গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জ শহরের মার্কাজ শিশুবন রোড ও মিয়াবাড়ি এলাকায় বেড়েছে চোরের উপদ্রব। বিশেষ করে গভীর রাতে বিভিন্ন বাড়ির বিদ্যুৎ সংযোগের তার কেটে নিয়ে যাওয়ার ঘটনায় আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় রয়েছেন স্থানীয় বাসিন্দারা। বিদ্যুতের তার চুরির পাশাপাশি এলাকায় সন্দেহজনক ব্যক্তিদের চলাচল নিয়েও উদ্বিগ্ন তারা।
স্থানীয়দের অভিযোগ, সন্ধ্যার পর মানুষের চলাচল কমে গেলে সুযোগ বুঝে চোরচক্র বিভিন্ন এলাকায় হানা দিচ্ছে। রাতের আঁধারে বিদ্যুতের খুঁটি ও বাড়িঘরের সংযোগ লাইনের তার কেটে নিয়ে যাচ্ছে তারা। সকালে ঘুম থেকে উঠে অনেকেই দেখতে পাচ্ছেন, বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন অথবা প্রধান লাইনের তার কেটে নেওয়া হয়েছে।
এতে একদিকে যেমন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে স্থানীয়দের দুর্ভোগ পোহাতে হচ্ছে, অন্যদিকে বৈদ্যুতিক তার কাটার সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কাও তৈরি হচ্ছে। অসতর্কভাবে তার কাটতে গিয়ে চোরেরা যেমন বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঝুঁকিতে রয়েছে, তেমনি ছিঁড়ে পড়া বৈদ্যুতিক তারে এলাকাবাসীরও প্রাণহানির আশঙ্কা রয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, গত কয়েকদিন ধরে রাতের বেলায় এলাকায় অপরিচিত ও সন্দেহজনক লোকজনের চলাচল লক্ষ্য করা যাচ্ছে। পরে ভোরে বিভিন্ন বাড়ির সামনে কিংবা বিদ্যুতের খুঁটির কাছে তার কাটা অবস্থায় পাওয়া যাচ্ছে। এ কারণে রাত গভীর হলেই পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক তৈরি হচ্ছে।
মার্কাজ শিশুবন রোড ও মিয়াবাড়ি এলাকার বাসিন্দাদের দাবি, চুরি প্রতিরোধে রাতে পুলিশের টহল ও নজরদারি বাড়াতে হবে। পাশাপাশি বিদ্যুতের তার চুরি বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে।
সচেতন মহলের মতে, রাতে গুরুত্বপূর্ণ সময়ে পুলিশি টহল জোরদার, সন্দেহজনক ব্যক্তিদের ওপর নজরদারি এবং স্থানীয়দের সমন্বিতভাবে সতর্ক থাকার মাধ্যমে চোরচক্রের তৎপরতা অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব।
এলাকাবাসীর প্রত্যাশা, মার্কাজ শিশুবন রোড ও মিয়াবাড়ি এলাকায় ধারাবাহিকভাবে ঘটে চলা বিদ্যুতের তার চুরির বিষয়টি প্রশাসন গুরুত্বের সঙ্গে দেখবে এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এতে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরবে বলে মনে করছেন তারা।

Leave a Reply