দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার দেবহাটায় যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুল আলিম (৫০) নামে এক মৎস্য ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় দুর্ঘটনাকবলিত বাসটি আটক করেছে পুলিশ। তবে বাসের চালক পালিয়ে গেছেন।
নিহত আব্দুল আলিম দেবহাটা উপজেলার রামনাথপুর মাঠপাড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে আব্দুল আলিম ব্যবসায়িক কাজ শেষে গাজীরহাট বাজার থেকে মোটরসাইকেলে বাড়ির দিকে যাচ্ছিলেন। পথে দেবীশহর এলাকায় কালীগঞ্জ থেকে সাতক্ষীরাগামী কাজী এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। বাসটির রেজিস্ট্রেশন নম্বর সিরাজগঞ্জ-ব-১১-০০৮৬।
সংঘর্ষে আব্দুল আলিম গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরার ব্লীজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টা ২০ মিনিটের দিকে তিনি মারা যান।
দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম শাহীন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটি আটক করে। তবে পুলিশ পৌঁছানোর আগেই বাসের চালক পালিয়ে যায়। নিহতের মোটরসাইকেলটিও পুলিশ হেফাজতে রয়েছে।
ওসি আরও জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি।

Leave a Reply