কালিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নড়াইল প্রতিনিধি
নড়াইলের কালিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) কালিয়া উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে একটি র্যালি বের করা হয়। র্যালিটি কালিয়া পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ, দলের দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপির ভূমিকা তুলে ধরেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম। তিনি বলেন, ‘আমরা অত্যন্ত আনন্দিত আমাদের দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে। কিন্তু বিগত দিনে আমাদের সকলের প্রিয়, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নেই। এই প্রথম আমরা তাকে ছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছি। বিষয়টি আমাদের হৃদয়ে অত্যন্ত পীড়া দেয়।’
তিনি আরও বলেন, ‘আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের দায়িত্ব নিয়েছেন, একই সঙ্গে দলেরও দায়িত্ব নিয়েছেন। কিন্তু আমাদের প্রাণপ্রিয় মা বেগম খালেদা জিয়া আজ আমাদের মাঝে নেই। তাই প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে আনন্দের পাশাপাশি আমাদের হৃদয়ে দুঃখও রয়েছে।’
কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স. ম. ওহিদুজ্জামান মিলুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি শেখ সেলিম হোসেন, সহসভাপতি আবু রেজা ই রাব্বি কামাল, সিনিয়র নেতা মনিরুজ্জামান মনা, সাধারণ সম্পাদক শেখ শিহাব হোসেন, সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান রুবেল, কালিয়া উপজেলা যুবদলের সভাপতি কামাল সিদ্দিকী, ছাত্রদলের আহ্বায়ক স. ম. রাকিবুজ্জামান পাপ্পু, শ্রমিক দলের নেতা হিমায়েত হোসেন হিমু সরদার, নুর ইসলাম, বিএনপি নেতা শেখ মনিরুল ইসলাম, মোল্লা জুয়েল রানা, গোল্লা ঘোষ, ফরহাদ বিশ্বাস, শেখ রাসেল রানা, বাসুদেব বর্মন, হান্নান শেখ, নয়ন শেখ, মাসুদ রানা, হাসিবুর রহমানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
পরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ দলের প্রয়াত নেতাকর্মীদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Leave a Reply