লোহাগড়ায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১
আহত অন্তত ১০, আটক ১; বাড়িঘরে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
মোঃ জিহাদুল ইসলাম, লোহাগু,নড়াইল
নড়াইলের লোহাগড়া উপজেলার মাটিয়াডাঙ্গা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুন্সী ও মোল্যা পক্ষের মধ্যে সংঘর্ষে মিশকান সরদার (৪০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের স্থানীয়রা উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে মিশকান সরদার ও সালাম মুন্সীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় এবং সারফিনা বেগমকে খুলনায় পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মিশকান সরদারের মৃত্যু হয়েছে বলে স্বজনরা জানান।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত ১১টার দিকে মাটিয়াডাঙ্গা গ্রামের জসিম শেখের বাড়িতে ভ্যান চুরির অভিযোগকে কেন্দ্র করে কয়েকজনকে মারধরের ঘটনা ঘটে। বিষয়টি পরদিন মীমাংসার কথা থাকলেও সকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা, বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে।
মুন্সী পক্ষের নার্গিস বেগম অভিযোগ করেন, রাতের ঘটনা মীমাংসার কথা বলে মোল্যা পক্ষের লোকজন এসে তাঁর দোকান ও বাড়িতে হামলা চালায়। এ সময় সিসি ক্যামেরা ভাঙচুরসহ ঘরে তাণ্ডব ও নগদ টাকা ও স্বর্নলংকার লুটপাট করে তার ছেলে ওমর মুন্সীকে গুরুতর আহত করে। পরে তারা আরো ১০/১২ টি বাড়ীতে ভাংচুর ও লুটপাট চালায়।
স্থানীয়দের দাবি, সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ১০ থেকে ১৫ জন আহত হয়েছেন এবং বেশ কয়েকটি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয়ভাবে জানা গেছে, মুন্সী পক্ষের নেতৃত্বে রয়েছেন কোটাকোল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য কালাম মুন্সী ও ওমর মুন্সী। অপরদিকে মোল্যা পক্ষের নেতৃত্বে রয়েছেন হিরাঙ্গীর মোল্যা। সংঘর্ষের ঘটনায় হিরাঙ্গীর মোল্যাকে পুলিশ আটক করেছে বলে জানা গেছে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষ ও হামলা-ভাঙচুরের অভিযোগের বিষয়ে পুলিশ তদন্ত করছে।

Leave a Reply