(নড়াইল) প্রতিনিধি:
নড়াইলের কালিয়ায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মৎস্য সম্পদ সংরক্ষণ, সুষ্ঠু ব্যবস্থাপনা ও মৎস্য খাতের উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ মোঃ নূর আলম জিকুকে সম্মাননা স্মারক দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে কালিয়া উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য পক্ষের অনুষ্ঠানে সীতারামপুর, কালিয়া পৌরসভার বাসিন্দা মোঃ নূর আলম জিকুর হাতে এ সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
এ সময় সম্মাননা স্মারক প্রদান করেন কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জিন্নাতুল ইসলাম ও উপজেলা মৎস্য কর্মকর্তা চয়ন বিশ্বাস।
জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর প্রতিপাদ্য— ‘জলাশয় মৎস্যে সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’। এ প্রতিপাদ্যকে সামনে রেখে মৎস্য সম্পদ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি ও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে মৎস্য খাতকে আরও এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
সংশ্লিষ্টরা জানান, মৎস্য খাতে অবদানের জন্য নূর আলম জিকুকে দেওয়া এ স্বীকৃতি স্থানীয় মৎস্যচাষি ও মৎস্য খাতের সঙ্গে সংশ্লিষ্টদের উৎসাহিত করবে। একই সঙ্গে মৎস্য সম্পদ সংরক্ষণ ও ব্যবস্থাপনায় আরও ইতিবাচক ভূমিকা রাখার অনুপ্রেরণা জোগাবে।
সম্মাননা পেয়ে মোঃ নূর আলম জিকু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যতেও মৎস্য খাতের উন্নয়ন, মৎস্য সম্পদ সংরক্ষণ এবং সুষ্ঠু ব্যবস্থাপনায় কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

Leave a Reply