বোদা (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলার কুড়ালিপাড়া গ্রামের শতাধিক বছরের প্রবীণ আলহাজ্জ মৌলভী আব্দুর রহমান (১১৫) পায়ে আঘাত পেয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তিনি বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১ নম্বর কক্ষে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে নিজ বাড়িতে চলাফেরার সময় একটি বাঁশের সঙ্গে ধাক্কা লেগে তাঁর পায়ে গুরুতর আঘাত লাগে। পরে ওই স্থানে ইনফেকশন দেখা দিলে তাঁকে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গত তিনদিন ধরে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
বার্ধক্যজনিত নানা জটিলতার মধ্যে আকস্মিক এ আঘাতে পরিবারের সদস্য ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। এলাকার প্রবীণ ও গুণী মানুষ হিসেবে পরিচিত আব্দুর রহমানের দ্রুত সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, অতিরিক্ত বয়সের কারণে বয়স্ক রোগীদের আঘাতজনিত ক্ষত সারতে তুলনামূলকভাবে বেশি সময় লাগে। তবে বর্তমানে আলহাজ্জ আব্দুর রহমানের শারীরিক অবস্থা উন্নতির দিকে রয়েছে। তিনি চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী হাসপাতালে বিশ্রামে রয়েছেন।

Leave a Reply