নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার পিয়ারী শংকর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে
বুধবার (২৬ আগস্ট) সকাল ১০টায় বিদ্যালয়ের শ্রেণিকক্ষে এ উপলক্ষে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, হযরত মুহাম্মদ (সা.) শুধু মুসলমানদের জন্য নয়, সমগ্র মানবজাতির জন্য সর্বশ্রেষ্ঠ আদর্শ। তাঁর জীবন ও আদর্শ অনুসরণ করে নৈতিকতা, মানবিকতা, ন্যায়নীতি ও শান্তির সমাজ গড়ে তোলা সম্ভব।
বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ, মানবিকতা, ন্যায়নীতি ও শান্তির বার্তা নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করে নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান।
নারীর মর্যাদা প্রসঙ্গে বক্তারা বলেন, এক সাহাবি রাসুল (সা.)-কে জিজ্ঞাসা করেছিলেন, তাঁর উত্তম আচরণের সবচেয়ে বেশি হকদার কে? জবাবে মহানবী (সা.) তিনবার ‘তোমার মা’ এবং চতুর্থবার ‘তোমার বাবা’ বলে উল্লেখ করেন। এর মাধ্যমে ইসলাম নারীর প্রতি সম্মান, ভালোবাসা, নিরাপত্তা ও অধিকার প্রতিষ্ঠার ওপর কতটা গুরুত্ব দিয়েছে, তা স্পষ্ট হয়।
আলোচনা সভা ও মিলাদ মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন কালিয়া উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা ওবায়দুর রহমান।
অনুষ্ঠানে আলোচনা করেন মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা ইনায়েত উল্লাহ, কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম ওয়াহিদুজ্জামান মিলু, পৌর বিএনপির সভাপতি শেখ সেলিম হোসেন, সহসভাপতি আবু রেজা ই রাব্বি কামাল, সিনিয়র নেতা মনিরুজ্জামান মনা ও বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাহিদুল ইসলামসহ অন্যরা।

Leave a Reply