মাজহারুল ইসলাম, জেলা প্রতিনিধি:
পঞ্চগড়ের বোদায় চলন্ত মোটরসাইকেলের সামনে হঠাৎ শেয়াল চলে আসায় দুর্ঘটনার শিকার হয়েছেন মো. নুরুজ্জামান ও আলিফ নামে দুই ব্যক্তি। এতে তারা গুরুতর আহত হলেও মাথায় হেলমেট থাকায় বড় ধরনের বিপদ থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন তারা।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) রাত ১১টা ৪০ মিনিটের দিকে বোদা বাজার থেকে ঠাকুরগাঁও যাওয়ার পথে ১১ মাইল জাফরের পাম্প-সলসলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত নুরুজ্জামান বোদা বাজারের চৌধুরী মার্কেটের ‘সোনালী টেলিকম অ্যান্ড মোবাইল সার্ভিসিং সেন্টার’-এর স্বত্বাধিকারী এবং বাংলাদেশ সেল ফোন রিপেয়ার টেকনিশিয়ান অ্যাসোসিয়েশনের নির্বাহী সদস্য। ব্যবসার কাজ শেষে দোকান বন্ধ করে তিনি মোটরসাইকেলযোগে ঠাকুরগাঁওয়ের দিকে যাচ্ছিলেন। পথে অন্ধকার সড়কে হঠাৎ একটি শেয়াল দৌড়ে এসে মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা খেলে তিনি ও তার সঙ্গে থাকা আলিফ সড়কে পড়ে আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান। নুরুজ্জামানকে তাৎক্ষণিকভাবে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। অপর আহত আলিফকে বোদা উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, হঠাৎ শেয়াল মোটরসাইকেলের সামনে চলে আসায় মুহূর্তের মধ্যেই দুর্ঘটনাটি ঘটে। তবে নুরুজ্জামানের মাথায় হেলমেট থাকায় বড় ধরনের বিপদ থেকে তিনি রক্ষা পেয়েছেন।
এ ঘটনায় নুরুজ্জামানের পরিবার ও স্থানীয়দের মধ্যে উদ্বেগের সৃষ্টি হলেও বর্তমানে তারা স্বস্তি প্রকাশ করেছেন।

Leave a Reply