বোদায় ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ৩
বোদা (পঞ্চগড়) প্রতিনিধি: মো মাঝারুল ইসলাম
পঞ্চগড়ের বোদায় ট্রাক ও যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শহিদুল ইসলাম নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে পঞ্চগড়-ঠাকুরগাঁও মহাসড়কের নাজিরপাড়া বাদামহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শহিদুল ইসলাম অটোরিকশার চালক ছিলেন। তবে তার বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহত তিন যাত্রীকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে পঞ্চগড়-ঠাকুরগাঁও মহাসড়কের নাজিরপাড়া বাদামহাটি এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিকশাচালক শহিদুল ইসলামের মৃত্যু হয়। আহত হন অটোরিকশার তিন যাত্রী।
দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী সড়কে অবস্থান নিয়ে অবরোধ করলে কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং দুর্ভোগে পড়েন যাত্রীরা।
খবর পেয়ে বোদা থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সঙ্গে কথা বলেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
ফায়ার সার্ভিসের সদস্য ও পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত ভাঙাচোরা অটোরিকশাটি উদ্ধার করে।
দুর্ঘটনার কারণ ও ট্রাকটির চালকের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Leave a Reply