নড়াইলে নৌকাডুবি, তিন দিন পর মিলল জেলের মরদেহ

নড়াইলে নৌকাডুবি, তিন দিন পর মিলল জেলের মরদেহ

নড়াইলে নৌকাডুবি, তিন দিন পর মিলল জেলের মরদেহ
কালিয়া (নড়াইল) প্রতিনিধি
নড়াইলের কালিয়ায় নবগঙ্গা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজের তিন দিন পর হেলাল শেখ (৪৫) নামে এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে খুলনার আবালগাতী এলাকায় নবগঙ্গা নদীতে ভাসমান অবস্থায় স্থানীয়রা মরদেহটি উদ্ধার করেন। পরে স্বজনরা মরদেহটি হেলাল শেখের বলে শনাক্ত করেন।
নিহত হেলাল শেখ কালিয়া পৌরসভার বেন্দা গ্রামের লাল মিয়া শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাড়ইপাড়া ফেরিঘাট এলাকায় তিন জেলে ডিঙি নৌকায় করে নবগঙ্গা নদীতে ইলিশ মাছ ধরছিলেন। এ সময় তীব্র স্রোতের মধ্যে নোঙর করা একটি ফেরির সঙ্গে তাদের নৌকার ধাক্কা লাগে। এতে তিন জেলেই নদীতে পড়ে যান।
পরে দুজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও হেলাল শেখ স্রোতের টানে নিখোঁজ হন। খবর পেয়ে কালিয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন।
মঙ্গলবার খুলনা থেকে ডুবুরি দল এসে নদীতে তল্লাশি চালায়। তবে দীর্ঘ সময় অভিযান চালিয়েও হেলালের সন্ধান পাওয়া যায়নি। পরে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়।
কালিয়া থানার ওসি ইদ্রিস আলী বলেন, বৃহস্পতিবার সকালে খুলনার আবালগাতী এলাকায় নদীতে ভাসমান অবস্থায় হেলালের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্বজনরা মরদেহটি হেলালের বলে শনাক্ত করেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published.