যশোরে দৈনিক জনতার ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বিভাগীয় প্রতিনিধি সম্মেলন

যশোরে দৈনিক জনতার ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বিভাগীয় প্রতিনিধি সম্মেলন

যশোরে দৈনিক জনতার ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বিভাগীয় প্রতিনিধি সম্মেলন

উৎসবমুখর পরিবেশে যশোর প্রেস ক্লাবে জাতীয় দৈনিক ‘দৈনিক জনতা’-এর ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও খুলনা বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী আয়োজিত এ সম্মেলনে খুলনা বিভাগের ১০ জেলার সাংবাদিক ও প্রতিনিধিরা অংশ নেন।
কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। দৈনিক জনতার খুলনা ব্যুরো প্রধান বি. এম. রাকিব হাসানের সভাপতিত্বে এবং যশোর জেলা প্রতিনিধি শেখ দিনু আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক জনতার সম্পাদক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ওবায়দুর রহমান শাহীন।
প্রধান বক্তা ছিলেন প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আকরামুজ্জামান, দৈনিক জনতার মফস্বল সম্পাদক জাহাঙ্গীর খান বাবু এবং প্রেস ক্লাব যশোরের সাধারণ সম্পাদক নুর ইসলাম।
সম্মেলনে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে দৈনিক জনতার প্রতিনিধিরা অংশ নেন।
মুক্ত আলোচনা পর্বে মফস্বল পর্যায়ে সাংবাদিকতার বিভিন্ন সংকট, কর্মপরিবেশ ও পেশাগত ঝুঁকিসহ নানা বিষয় তুলে ধরেন প্রতিনিধিরা। এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন অতিথিরা। পাশাপাশি পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠানে দৈনিক জনতার সম্পাদক ওবায়দুর রহমান শাহীন পত্রিকার ৪৩ বছর পূর্তি উপলক্ষে মাঠপর্যায়ের প্রতিনিধিদের কাজের স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মানী ভাতা দেওয়ার ঘোষণা দেন। দায়িত্ব পালনকালে দুর্ঘটনা কিংবা অসুস্থতার শিকার সাংবাদিকদের সহায়তায় পত্রিকার উন্নয়ন তহবিল থেকে আর্থিক সহযোগিতার ঘোষণাও দেন তিনি।
আলোচনা সভা শেষে খুলনা বিভাগের জেলা ও উপজেলা প্রতিনিধিদের অংশগ্রহণে প্রীতিভোজ অনুষ্ঠিত হয়। এর মধ্য দিয়ে দিনব্যাপী প্রতিনিধি সম্মেলনের সমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published.