নড়াগাতীতে পুলিশকে মারধর করে ১০ মামলার আসামিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

নড়াগাতীতে পুলিশকে মারধর করে ১০ মামলার আসামিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

নড়াইল জেলা প্রতিনিধি:

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার পুটিমারী বাজার এলাকায় পুলিশের ওপর হামলা চালিয়ে হ্যান্ডকাফসহ ১০ মামলার এক আসামিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তাঁর স্বজনদের বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশের এক উপপরিদর্শক (এসআই) আহত হয়েছেন। এ ঘটনায় ২৩ জনকে আসামি করে মামলা করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২২ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে নড়াগাতী থানার উপপরিদর্শক মুরাদ হোসেন ও হাসান পুটিমারী এলাকা থেকে এসকেন শেখ (৩৫) নামের ওই আসামিকে গ্রেপ্তার করেন। এসকেন পুটিমারী গ্রামের বাবলু শেখের ছেলে। তাঁর বিরুদ্ধে একটি অস্ত্র ও নয়টি মাদক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

পুলিশের অভিযোগ, এসকেনকে গ্রেপ্তারের পর তাঁর বাবা বাবলু শেখ, ভাই নয়ন শেখ ও সজল শেখসহ তাঁদের সহযোগীরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাঁকে হ্যান্ডকাফসহ ছিনিয়ে নিয়ে যান। এ সময় এসআই মুরাদ হোসেনের হাত, পিঠ ও ঘাড়ে লাঠি দিয়ে আঘাত করা হয়।

আহত পুলিশ কর্মকর্তা মুরাদ হোসেনকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন আলী জানান, পুটিমারী ঈদগাহের সামনে থেকে ভাঙা হাতকড়াটি উদ্ধার করা হয়েছে। তবে বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা পর্যন্ত এসকেন শেখকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

ওসি আরও জানান, এসকেনের বিরুদ্ধে একটি অস্ত্র ও নয়টি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় ২৩ জনকে আসামি করে মামলা করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published.