নড়াইলে শিশু সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা

নড়াইলে শিশু সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা

নড়াইলে শিশু সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা

নড়াইল সদর প্রতিনিধি : স্বপন কুমার দাস

শিশুদের প্রতি সহিংসতা (VAC), জেন্ডারভিত্তিক সহিংসতা (GBV), বাল্যবিবাহ ও অন্যান্য ক্ষতিকর চর্চা প্রতিরোধে শিক্ষক এবং স্কুল ম্যানেজমেন্ট কমিটির ভূমিকা জোরদার করার লক্ষ্যে নড়াইল সদর উপজেলার মুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিদ্যালয়ে আয়োজিত এ সভার আয়োজন করে অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি)। এতে আর্থিক সহায়তা দেয় Free A Girl Nederland ও ZEEMAN।

সভায় প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি সুজাতা সিংহ। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিঠুন হাজরা। এসিডির পক্ষে উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়ক এস এম আহসান উল্লাহ সরকার ও এরিয়া ম্যানেজার মো. হুমায়ুন কবির।

সভায় বক্তারা বলেন, শিশুদের নিরাপদ বিকাশ ও সুরক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে বিদ্যালয় অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান। শিক্ষাপ্রতিষ্ঠানে শারীরিক ও মানসিক নির্যাতন, যৌন হয়রানি, বৈষম্য, জেন্ডারভিত্তিক সহিংসতা, বাল্যবিবাহ এবং অন্যান্য ক্ষতিকর চর্চা প্রতিরোধে শিক্ষক, বিদ্যালয় কর্তৃপক্ষ, অভিভাবক ও স্কুল ম্যানেজমেন্ট কমিটির সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

প্রধান অতিথির বক্তব্যে সুজাতা সিংহ বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে শিশুদের জন্য নিরাপদ ও সহায়ক পরিবেশ নিশ্চিত করতে শিক্ষকদের দায়িত্বশীল ও সংবেদনশীল ভূমিকা পালন করতে হবে। কোনো শিশু সহিংসতা, হয়রানি বা নির্যাতনের শিকার হলে তার অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে যথাযথ প্রক্রিয়ায় প্রয়োজনীয় সহায়তা ও সেবা নিশ্চিত করতে হবে। বাল্যবিবাহ প্রতিরোধেও বিদ্যালয়, পরিবার ও স্থানীয় প্রশাসনের সমন্বিত উদ্যোগ জরুরি।

সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিঠুন হাজরা বলেন, বিদ্যালয়ে শিশুদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে শিক্ষক এবং স্কুল ম্যানেজমেন্ট কমিটিকে আরও সক্রিয় হতে হবে। শিক্ষার্থীদের জন্য সহিংসতামুক্ত, নিরাপদ ও শিশুবান্ধব শিক্ষার পরিবেশ গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

এসিডির প্রকল্প সমন্বয়ক এস এম আহসান উল্লাহ সরকার শিশুদের প্রতি সহিংসতা, জেন্ডারভিত্তিক সহিংসতা, বাল্যবিবাহ ও অন্যান্য ক্ষতিকর চর্চার বিভিন্ন দিক তুলে ধরেন। এ সময় ঝুঁকিপূর্ণ শিশু শনাক্তকরণ, অভিযোগ গ্রহণ, যথাযথ কর্তৃপক্ষের কাছে রেফারেল, শিশুদের গোপনীয়তা রক্ষা এবং প্রয়োজনীয় সেবা নিশ্চিত করার ক্ষেত্রে শিক্ষক ও স্কুল ম্যানেজমেন্ট কমিটির করণীয় নিয়ে আলোচনা করা হয়।

সভায় বিদ্যালয়ের শিক্ষক ও স্কুল ম্যানেজমেন্ট কমিটির সদস্যরা সক্রিয়ভাবে অংশ নেন। তাঁরা শিশু সুরক্ষা নিশ্চিত করতে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

 

Leave a Reply

Your email address will not be published.