কবিতা, ডিগ্রিধারী দর্জি

কবিতা, ডিগ্রিধারী দর্জি

kobi
— মোঃ রুহুল আমিন

সাদা চামড়ার গোলামিতেই
কাটছে জীবন আজ,
উচ্চ মেধার মাথায় চেপে
দর্জিগিরির তাজ।

যোগ্যতা সব তুচ্ছ করে
বিদেশের ওই ঘরে,
পড়ুয়া সব মেধার খাঁচায়
দর্জি সেজে মরে।

মেধার বড়াই ধুলোয় মিশে
শ্রমের সস্তা হাটে,
বাঙালির এই সস্তা জীবন
দাসত্বতেই কাটে।

বিজ্ঞান আর তত্ত্ব কথা
রইলো শুধু পটে,
মেধার চরম পরাজয় আজ
দর্জি-পাড়ার চটে।

নাম-পদবীর অহংকারে
মন খুশিতে ভোর,
জানলো না সে কাটছে বসে
পরের জামার থোড়।

উচ্চ ডিগ্রিধারী হয়েও
বুঝলো না তো কেউ,
পশ্চিমাদের দর্জি সেজে
তুলছে সুখের ঢেউ।

চিনছে শুধু টাকা-কড়ি
খোয়াচ্ছে নিজ মর্জি,
ডিগ্রি বেচা ওই মানুষটা
আসলে এক দর্জি।

ওরা যখন ড্রোন চালিয়ে
বিশ্ব করে জয়,
আমাদের এই মেধা তখন
পোশাক বুনে ক্ষয়।

কী এক জাতি হলাম মোরা
ভাবতে লাগে লাজ,
মেধা ছেড়ে বিশ্বজুড়ে
করছি দর্জির কাজ।

বিদ্বানদের মগজ ধোলাই
করলো এমন ছলে,
বিশ্বসেরা মেধাগুলো
ঘোরে সেলাই কলে।

শিকল পরা এই গোলামি
ভাঙবে কবে তোরা?
পশ্চিমাদের সুতোর টানে
নাচছে পুতুল ওরা।

জ্ঞান-গরিমার বড়াই করা
পণ্ডিতদের এ দল,
পশ্চিমা ঐ প্রভুর পায়ে
বেচলো বুদ্ধিবল।

দেয়াল জুড়ে ডিগ্রি কেবল
মূল্যহীন এক সাজ,
দিনশেষে তো বাঙালির ওই
দর্জিগিরির কাজ।

Leave a Reply

Your email address will not be published.