বিশেষ প্রতিনিধিঃ
নড়াইলের নড়াগাতী থানার ৬৫ নম্বর ডি এফ রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৬ সালের বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার, ১৩ আগস্ট বিকেল ৩টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনন্দ কুমার মজুমদার, শিক্ষক মোঃ খান জান আলী, পিটিএ সভাপতি মোঃ মনিরুল ইসলাম, শিক্ষার্থীদের অভিভাবক মোঃ রাসেল চৌধুরী, মোঃ মুন্নু শেখসহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনন্দ কুমার মজুমদার জানান, ২০২৬ সালের বৃত্তি পরীক্ষায় বিদ্যালয় থেকে ৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ৪ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তারা হলো—ফারিয়া, রাকা, ইসমাইল ও জানাতুন মাইশা।
কৃতী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আয়োজক ও বিদ্যালয়ের পিটিএ সভাপতি মোঃ মনিরুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। তারা আগামী দিনে সুশিক্ষায় শিক্ষিত হয়ে পরিবার, সমাজ ও দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এটাই প্রত্যাশা।
পুরস্কার পেয়ে আনন্দিত কৃতী শিক্ষার্থীরা। শিক্ষক ও অভিভাবকরাও এমন আয়োজনকে শিক্ষার্থীদের পড়াশোনায় আরও উৎসাহিত করবে বলে আশা প্রকাশ করেন।

Leave a Reply