কবিতা, অন্বেষা

কবিতা, অন্বেষা

কবি:
– মোঃ রুহুল আমিন

পিংক বাসের চাকা ঘোরে
সাহস বাড়ে মনে,
নারী যখন চালক সেজে
পথ জিতেছে রণে।

সব জড়তা দূরে ঠেলে
চলছে তারা আগে,
নতুন ভোরের আলো মেখে
স্বপ্ন চোখে জাগে।

স্টিয়ারিংটা শক্ত হাতে
দিচ্ছে পাড়ি পথ,
সবার মনে ভরসা জাগায়
নারীর জয়ী রথ।

সমাজ চাকার গতি বাড়ায়
নারীর হাতের টান,
বিশ্ব মাঝে রাখছে তারা
দেশের বড় মান।

আকাশ ছোঁয়ার স্বপ্ন জাগে
মেলছে তারা ডানা,
গতির দেশে নারীর জয়ে
নেই তো কোনো মানা।

ভাঙল প্রাচীর শৃঙ্খলেরই
ঘুচল দ্বিধা ভয়,
আজকে পথে চলছে তারা
আনতে নতুন জয়।

নতুন ভোরের সূর্য হয়ে
জ্বলবে তারা রোজ,
মুক্ত ডানার এই মিছিলে
ফিরবে আলোর খোঁজ।

Leave a Reply

Your email address will not be published.