কালিয়ায় সরকারি জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ
নড়াইল জেলা প্রতিনিধি
নড়াইলের কালিয়া উপজেলার পেড়লী বাজারে সরকারি জমি দখল করে নির্মাণ করা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিন্নাতুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে কালিয়া সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের কানুনগো মো. সিরাজুল ইসলাম, সার্ভেয়ার মো. রাশিদুল ইসলাম এবং পেড়লী পুলিশ ফাঁড়ির সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় হাবিবুল আলম মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আলমগীর হোসেন, সাংবাদিক গোলাম মোর্শেদ, বিএনপি নেতা শহিদুল ইসলাম, জাবের বিশ্বাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাধারণ মানুষ ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অভিযানকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিন্নাতুল ইসলাম বলেন, ‘কোনো অবস্থাতেই সরকারি জমিতে সংশ্লিষ্ট দপ্তরের অনুমতি ছাড়া অবৈধভাবে স্থাপনা নির্মাণ করা যাবে না। সরকারি সম্পত্তি রক্ষায় উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
উপজেলা প্রশাসনের এ অভিযানে স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। সরকারি জমি অবৈধভাবে দখল ও স্থাপনা নির্মাণের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Leave a Reply