জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, মোতায়েন ৫ প্লাটুন বিজিবি

জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, মোতায়েন ৫ প্লাটুন বিজিবি

প্রতিনিধি: মো. লিটন সিকদার | গোপালগঞ্জ

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে সম্ভাব্য যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় গোপালগঞ্জে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে জেলা প্রশাসন।

জেলা পুলিশের পাশাপাশি মাঠে নামানো হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ৫ প্লাটুন সদস্য। জেলার গুরুত্বপূর্ণ সড়ক, সরকারি স্থাপনা, মোড় ও জনসমাগমপূর্ণ এলাকায় বাড়ানো হয়েছে টহল এবং নজরদারি।
মঙ্গলবার (৪ আগস্ট) সকাল থেকেই গোপালগঞ্জ শহরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ ও বিজিবি সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা যায়। একই সঙ্গে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি এবং নিয়মিত টহল কার্যক্রমও জোরদার করা হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে জেলার বিভিন্ন স্থানে একাধিক কর্মসূচি পালনের পরিকল্পনা রয়েছে। এসব কর্মসূচি যাতে শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং কোনো মহল যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, সে লক্ষ্যেই আগাম নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান জানান, ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে গৃহীত কর্মসূচিগুলো নির্বিঘ্নে সম্পন্ন করতে বিজিবিসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, জেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আগামী ১৫ আগস্ট পর্যন্ত ৫ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। পাশাপাশি যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে প্রশাসন প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলার সার্বিক পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হচ্ছে। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং প্রয়োজন হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published.