জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের প্রতি আরপিএমপি’র শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের প্রতি আরপিএমপি’র শ্রদ্ধাঞ্জলি

 রংপুর প্রতিনিধি:

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে রংপুরে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি)।

বুধবার (৫ আগস্ট) সকালে নগরীর ৩৬ জুলাই চত্বরে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান আরপিএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ।
এ সময় রংপুর মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানান এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে অবিস্মরণীয়। তাঁদের আদর্শ ও আত্মত্যাগ আমাদের ন্যায়, মানবিকতা এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আইনশৃঙ্খলা রক্ষায় রংপুর মেট্রোপলিটন পুলিশ সর্বদা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাবে।”
এদিকে দিবসটি উপলক্ষে রংপুরের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, জনপ্রতিনিধি, জুলাই শহীদ পরিবারের সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পৃথকভাবে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
দিবসটির কর্মসূচিতে শহীদদের আত্মত্যাগের আদর্শ ধারণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয় পুনর্ব্যক্ত করা হয়।

Leave a Reply

Your email address will not be published.