যশোরের শার্শায় মরা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইসহ দু‘জনকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (৩ মার্চ) দুপুরে যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া সাতমাইল বাজারে মাংস বিক্রিকালে তাদেরকে আটক করে এ জরিমানা করা হয়।
জরিমানা বিষয়টি নিশ্চিত করেছেন যশোরের ঝিকরগাছা উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুনার রশিদ।
তিনি জানান, মৃত জালাল উদ্দীনের ছেলে কামাল হোসেন ঝিকরগাছা উপজেলার রাজবাড়িয়া গ্রামের ছেলে। স্থানীয় কসাই নাজমুল ইসলামের কাছে মৃত গরু জবাই করে মাংস বিক্রি করতে আসেন বাগআঁচড়া বাজার । কমদামে ৬/৭ মন ওজনের ওই মরা গরুর মাংস ক্রয় করে কসাই নাজমুল বিক্রির চেষ্টা করেন। এর আগে বিষয়টি স্থানীয় লোকজনের নজরে এলে তারা ঝিকরগাছা বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রে ফোনে খবরটি জানান।
তিনি আরও জানান, বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ওসির নির্দেশে এএসআই শামিম ফোর্স নিয়ে বাগআঁচড়া সাতমাইল বাজারে অভিযান চালিয়ে মরা গরুর মাংস জব্দ করেন।
পরে কসাই ও গরুর মালিককে আটক করে ঝিকরগাছা থানায় নিয়ে গিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কসাই নাজমুলকে ১৫ হাজার ও গরুর মালিক কামাল হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ঐ মৃত গরুর মাংস না বেচার নির্দেশ এবং মাটিতে পুতে রাখতে বলে এবং ভবিষ্যতে এমন অপরাধ করবে না বলে স্বীকারোক্তি দিয় তাই তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান।