মঙ্গলবার , ১২ মে ২০২৬ , রাত ০৮:৩৬
ব্রেকিং নিউজ

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান - উপদেষ্টা নাহিদ ইসলামের

রিপোর্টার : নিউজ ডেস্ক || ডিএমসি নিউজ২৪.কম
প্রকাশ : শুক্রবার , ২০ সেপ্টেম্বর ২০২৪ , রাত ১০:৪৮

  ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম জানিয়েছেন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। তাই ঐক্যবদ্ধভাবে এসব ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। 

তিনি জানান, আন্দোলনকালে আমরা যে ঐক্য দেখিয়েছি যার মাধ্যমে স্বৈরাচার পতন হয়েছে তা ধরে রাখতে হবে।

 বেগমগঞ্জ উপজেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গণে ১৯ সেপ্টেম্বর (শুক্রবার) বন্যা দুর্গতদের খাদ্য সহায়তা প্রদানকালে এ সব কথা বলেন তিনি ।

উপদেষ্টা বলেন, একটা অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে বাংলাদেশকে একবারেই নতুন করে গঠন করার চেষ্টা করছি। সে জায়গায় আমাদের মূল শক্তি হচ্ছে ঐক্য। অভ্যুত্থানের মাধ্যমে জাতীয় ঐক্য তৈরি হয়েছে। আমাদের শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণিপেশার মানুষ, সশস্ত্র বাহিনী ও রাজনৈতিক দলগুলোসহ ফ্যাসিবাদ বিরোধী পক্ষগুলো মিলে আমরা একটা ঐক্য করেছি। 


তিনি আরও জানান, ‘‘আমরা কিছু কমিটমেন্ট করেছি।  যাতে আর কখনো কেউ স্বৈরাচারী হয়ে উঠতে না পারে এই দেশে, এমন একটি দেশ গড়বো আমরা। ন্যায় বিচারের কাজ করছি বাংলাদেশ গড়তে আমরা। নানা ধরণের ষড়যন্ত্র চলছে সে ঐক্যে ফাটল ধরাতে। তাই সতর্ক থাকতে হবে সবাইকে।ঐক্যে যেন ফাটল না ধরে,নিজেদের মধ্যে যেন বিশৃঙ্খলা না হয়।’’


শিক্ষার্থীদেরকে উদ্দেশ্যে উপদেষ্টা বলেন, সারাদেশে আমরা মব জাস্টিস পরিস্থিতি দেখতে পাচ্ছি। এ বিষয়ে ছাত্রদেরকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আমরা যেন আইন হাতে তুলে না নিই। প্রশাসনকে প্রশাসনের মতো কাজ করতে দিতে হবে। আমরা তাদেরকে সহযোগিতা করবো। এ বিষয়ে তিনি সবাইকে সতর্ক করেন।


উপদেষ্টা বলেন, বন্যা পরবর্তী  দীর্ঘমেয়াদী পুনর্বাসন কাজ বাস্তবায়ন করা হবে স্বাস্থ্য ঝুঁকির কথা চিন্তা করে। 

পরে তিনি সোনাইমুড়ী উপজেলার মৌটুবী গ্রামে ৫৩ নং নওয়াবগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বন্যার্তদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন এবং সোনাইমুড়ি উপজেলা পরিষদে কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

এ সময় নোয়াখালীর জেলা প্রশাসক, বেগমগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা, সোনাইমুড়ীর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ স্থানীয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১