কবি :-
সারমিন চৌধুরী
জীবনের অলিগলি জুড়ে ক্লান্তির ছাপ
অন্ধকার করছে আধিপত্যের বিস্তার,
দৌড়াদৌড়ি চলমান প্রভাত থেকে রাত
হারাচ্ছে প্রিয়জন বিশ্বাসও আস্থার।
বক্ষের অন্তরাল ছিদ্র করে ঢুকছে পোকা
নিত্য খাবলে খাচ্ছে আবেগের রসদ,
চাকচিক্যের নগরীতে পেশ করি নিজেকে
অর্থশূন্য মানুষ বলেই পাইনি দরদ।
সাদামাটা মনের উঠোনে শেওলার বাস
ছুঁতে এসে পিছলে পড়ছে সুখের রোদ,
কোলাহলে নিজের অব্যক্ত কথা বলেছি
করেছি পরিজনের ভীষণ অভাববোধ।
হৃদয় গগনে ভাসন্ত মেঘের আনাগোনা
বৃষ্টি নামাতে চাচ্ছে যে জমাট দুঃখেরা,
আঁকড়ে ধরেছি অচেনা সেই অবয়বকে
পেতে তার ছায়ায় আজীবন সাহারা।
কিন্তু বেসামাল হাওয়া উড়ে আসে কানে
স্মরণ করিয়ে দেয় অতীতের রুক্ষতা,
জং ধরা অনুভূতিতে রং মাখলেও কেউ
ভোলা যাইনা নির্ঘুম রাতের তিক্ততা।